আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে স্বল্পমূল্যে পাঞ্জাবি বিক্রি ঘিরে আলোচিত ‘নবীন ফ্যাশন’ শোরুম বন্ধ করে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছে আদালত। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে শোরুমটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত তার আদেশে উল্লেখ করেন, পুলিশের উপস্থিতিতে কিছু ব্যক্তি জোরপূর্বক দোকান বন্ধ করলেও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তিন দিনের মধ্যে ওসিকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় ঈদের আগে ২০ মার্চ। ‘নবীন ফ্যাশন’ শোরুমে মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি-পাজামা বিক্রি শুরু হলে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী বেশি দামে বিক্রি বজায় রাখতে চাপ প্রয়োগ করেন এবং পরে দোকানটি বন্ধ করে দেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন দাবি করেন, সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে পোশাক সরবরাহই ছিল তাদের উদ্দেশ্য। পাশাপাশি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু একটি প্রভাবশালী সিন্ডিকেট তাদের ব্যবসা চালাতে বাধা দেয়।
তিনি আরও অভিযোগ করেন, দোকান বন্ধ করার পাশাপাশি তাদের হুমকিও দেওয়া হয়েছে। পরিস্থিতি নিরাপদ না থাকায় তিনি দেশত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে একজন উদ্যোক্তাকে কেন বাধার মুখে পড়তে হবে।
এদিকে প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।