আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেছেন সরকারি চাকরিজীবীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হন তারা।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা ঘরে ফিরবেন না। বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও বাস্তবায়ন না হওয়াকে তারা চরম অবিচার হিসেবে দেখছেন।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। পে-কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হলেও বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। অর্থের সংস্থান ও বাস্তবতা যাচাইয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।