আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করে বলেন, শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, রাজধানীসহ বড় শহরগুলোতে যেখানে দিনে মাত্র ১ থেকে ২ ঘণ্টা লোডশেডিং থাকে, সেখানে গ্রামের অনেক এলাকায় ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয়। এতে গ্রামীণ জনজীবন, শিক্ষা কার্যক্রম এবং ছোট ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সমান বণ্টন নিশ্চিত না হলে গ্রামীণ অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। একই সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের গ্যাস সংকটের কথাও তুলে ধরেন। তার দাবি, যে গ্যাস সারা দেশে সরবরাহ করা হয়, সেই এলাকার মানুষই অনেক সময় গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকে।
রুমিন ফারহানা বলেন, জ্বালানি খাতে ন্যায্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শহর ও গ্রামের ব্যবধান কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ না করলে সাধারণ মানুষ আরও দুর্ভোগে পড়বে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।