
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় একদিনেই আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মৃতের সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “সোমবার গাজার বিভিন্ন হাসপাতাল থেকে ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫৬ জন।” তবে উদ্ধারকর্মীরা জানান, বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, যেগুলো নিরাপত্তাজনিত কারণে উদ্ধার করা সম্ভব হয়নি।
এই নতুন ধাপে, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি আক্রমণে ইতিমধ্যে নিহত হয়েছেন আরও ৬ হাজার ৯৬৪ জন। আহত হয়েছেন ২৪ হাজার ৫৭৬ জনের বেশি।
অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। চিকিৎসা সেবা, খাদ্য ও পানি সংকটে রয়েছে লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল বর্বর হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়





























