আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই নতুন রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম দিনেই গণভোটের ‘হ্যাঁ’ রায়কে চ্যালেঞ্জ করছেন।
মঙ্গলবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, সংবিধান সংস্কার বাস্তবায়নের জন্য গঠিত সংবিধান সংস্কার পরিষদে নির্বাচিতদের শপথ নেওয়া প্রয়োজন ছিল। তবে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য এই শপথ গ্রহণ করেননি, যদিও তারা এমপি হিসেবে শপথ নিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির এই পদক্ষেপের কারণে সংসদের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের নেওয়া সংবিধান সংশোধনের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে এবং নতুন রাজনৈতিক সংকটের সূচনা হতে পারে।
বিএনপি তাদের অবস্থান ব্যাখ্যা করেছে, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নেই। সংবিধানের তৃতীয় তফসিলে শুধুমাত্র সংসদ সদস্যদের শপথের বিধান আছে। প্রধান নির্বাচন কমিশনারও এই ধরনের শপথ প্রদান করার ক্ষমতা রাখেন না।