আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় জনগণকে একসঙ্গে দুটি দায়িত্ব পালন করতে হবে। একটি হলো জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া, অন্যটি হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া।
শুক্রবার রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক বৃহৎ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য জীবন দিয়েছেন, তাদের ত্যাগ ভুলে গেলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব। সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে জুলাই সনদ রক্ষা করতে হবে এবং গণভোটে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ বলতে হবে।
তিনি বলেন, অতীতে মানুষ নিশিরাতের নির্বাচন ও ভোটাধিকার হরণের অভিজ্ঞতা দেখেছে। এখন সময় এসেছে নিজের ভোট নিজে দেওয়ার এবং সিদ্ধান্ত জানানোর। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শক্তিই তাদের অধিকার কেড়ে নিতে পারবে না।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এই অঞ্চলকে অবহেলা নয়, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য প্রযুক্তিভিত্তিক সুযোগ বাড়ানো হবে। স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
কৃষক ও নারীদের বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ঋণ সহায়তা, কৃষি উপকরণ সহজলভ্য করা এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোটের দিন ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল মারুন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের পক্ষে রায় দিন।
দীর্ঘ সময় পর রংপুরে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।