আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশন তাদের মতামত প্রকাশ করে।
মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, ২০০৮ সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে। তিনি উল্লেখ করেন, নির্বাচন সত্যিই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল এবং নির্বাচন কমিশন স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। তবে তিনি মনে করেন, কিছু অপতথ্য খবর নেতিবাচক প্রভাব ফেলেছে।
ইজাবস আরও বলেন, নারীরা গণ–অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবারের নির্বাচনে তারা প্রায় অদৃশ্য। নির্বাচনে নারী প্রার্থী ছিল মাত্র চার শতাংশ। এছাড়া প্রার্থীরা স্বাধীনভাবে প্রচার করতে পারলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল লক্ষ্য করা গেছে।
তিনি বলেন, সদ্য নিযুক্ত নির্বাচন কমিশন জনগণের আস্থা পুনর্গঠনের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, যার মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক।
এবারের নির্বাচন একটি নতুন আইনি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক স্বাধীনতাকে যথাযথ মর্যাদা দিয়েছে।