
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির হিসেবে তৃতীয়বারের শপথ গ্রহণ করবেন। তিনি দলের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ থেকে ২০২৮ কার্যকালীন জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন।
দলীয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করবেন।
ডা. শফিকুর রহমান জামায়াতের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীর পর তৃতীয় নেতা হিসেবে টানা তিনবার আমিরের দায়িত্ব পালন করছেন। প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনার পরে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হন।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।
ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান ও ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার পর ২০১৬ সালে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন।





























