আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্যতিক্রমধর্মী এক চায়ের আড্ডায় তরুণ ও যুবসমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। খোলামেলা আলোচনায় উঠে আসে দেশের যুবসমাজের ভাবনা, স্বপ্ন এবং নানামুখী সংকট।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে এই আড্ডার আয়োজন করা হয়। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
চায়ের আড্ডায় জাইমা রহমান বলেন, দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজ যেন গঠনমূলক কাজে যুক্ত হতে পারে, সে জন্য একটি কার্যকর ও সবার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন।
অনলাইন জগতের নেতিবাচক দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাইবার বুলিং প্রসঙ্গে জাইমা রহমান বলেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর স্থানীয় কার্যালয় থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।
আড্ডায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বায়ুদূষণ, যানজট, কর্মসংস্থানের অভাবসহ রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। জাইমা রহমান বলেন, এসব সমস্যা সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।
শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক স্তর থেকেই পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে শহর ও গ্রামের শিক্ষাবৈষম্য কমানো সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষায় পাঠ্যক্রমের পাশাপাশি ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন তিনি।
আড্ডার শেষাংশে তরুণদের উদ্যম ও দেশপ্রেমকে ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানান জাইমা রহমান। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের এক পর্যায়ে তরুণদের সঙ্গে একসঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন জাইমা রহমান, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আন্তরিক করে তোলে।