আওয়ার টাইমস নিউজ।
স্পেশাল নিউজ করেসপন্ডেন্ট: হুসাইন আল আজাদ।
রাজধানী ঢাকার ডেমরার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর মাদরাসার ৩১ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী দস্তারবন্দী (পাগড়ি পরানো) মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। এছাড়া বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের খ্যাতনামা আলেম ও ইসলামী স্কলাররা বয়ান করবেন বলে জানা গেছে।

জামিয়াতু ইবরাহীমের ইতিহাসে এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের মধ্যে ঐক্য ও সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে এই মহাসম্মেলন আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সাড়ে তিন হাজার হাফেজ, আলেম ও মুফতির মাথায় সম্মানসূচক পাগড়ি পরানো হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রায় পঞ্চাশ হাজার লোকের অবস্থানের জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে এবং সব প্রস্তুতি প্রায় শেষ। দস্তারবন্দী সম্মেলন বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, ভারতের মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী, শায়খ আব্দুর রউফ মাক্কী, পাকিস্তানের মাওলানা ইলিয়াস ঘুম্মান ও মাওলানা আওরঙ্গজেব ফারুক, যুক্তরাজ্যের ড. মুফতি আব্দুর রহমান মাঙ্গেরা, মাওলানা মাহমুদুল হাসান রাজস্থানীসহ দেশ-বিদেশের শীর্ষ আলেমরা উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশবাসীর দোয়া ও অংশগ্রহণ কামনা করেছেন।