আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ক্যারিয়ারের শততম টেস্টে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১ রান দূরে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার, আর সেই বিশেষ ম্যাচেই সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শেষ বিকেলে ৯০ ওভার শেষ হওয়ার সময় মুশফিক অপরাজিত ছিলেন ৯৯ রানে। এক বলের জন্য থেমে যায় ইতিহাসের সিঁড়ি। ক্রিকেট ইতিহাসে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করা মাত্র ১০ জন ব্যাটার আছেন—মুশফিক আগামীকালের প্রথম রানেই সেই তালিকায় নাম লেখানোর সুযোগ পাবেন।
১৮৭ বল মোকাবিলা করে ৫টি চারের সাহায্যে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। তাঁর সঙ্গে উইকেটে লিটন দাস, যিনি ৮৬ বলে ৪৭ রানে ব্যাট করছেন।
ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশ সংগ্রহ করেছে ৪ উইকেটে ২৯২ রান। দিনের শুরুতে সাদমানের (৩৫) সুন্দর ব্যাটিংয়ে ইতিবাচক সূচনা পায় দল। তবে ওপেনাররা ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের ঘূর্ণি আর ধারাবাহিকতায় সাদমান, জয় (৩৪) এবং শান্ত (৮)—বাংলাদেশের টপ অর্ডার দ্রুতই সাজঘরে ফেরেন।
দিনের সেরা ব্যাটিং দেখান মুমিনুল হক। ১২৮ বলে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরেন তিনি। ম্যাকব্রাইন নেন দিনের সব চারটি উইকেট—৪/৮২।
আগামীকাল মুশফিকের ব্যাট থেকে প্রথম রানটি এলেই তৈরি হবে নতুন ইতিহাস—টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ২২তম শতকের মাইলফলক।