আওয়ার টাইমস নিউজ।
রাজধানীর কলাবাগান এলাকায় প্রেম করে বিয়ের পর স্ত্রীর পরিবারের ধাওয়া খেয়ে ভবনের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাঝপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় বড় ভাই রফিকুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের হাসি (১৪) নামে এক কিশোরীর সঙ্গে শহিদুলের প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ ফেব্রুয়ারি তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে বড় ভাইয়ের বাসায় ওঠেন। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
বিয়ের খবর পেয়ে মেয়ের পরিবারের সদস্যরা বাসার নিচে অবস্থান নেন। শহিদুল নিচে নামলে তাদের দেখে আবার উপরে উঠে যান। এ সময় একজন আত্মীয় তার পিছু নেন। একপর্যায়ে পাশের ভবনে লাফ দেন তিনি। দ্বিতীয় ভবনে ওঠার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
শনিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির বয়স কম হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।