আওয়ার টাইমস নিউজ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে রাজধানীর প্রচণ্ড যানজটের কারণে বেশ কিছু ইউনিট সময়মতো পৌঁছাতে পারেনি।
পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রথম ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। টিনশেড ঘর থেকে ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বস্তিতে আতঙ্ক দেখা দেয়। বাসিন্দারা যে যেভাবে পেরেছেন নিজেদের মালামাল বাইরে নেওয়ার চেষ্টা করেছেন।
আগুনের সূত্রপাত কীভাবে হলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।