আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকাটি নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, এলাকা খালি করতে সরকার সেখানে হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। অন্তর্বর্তী সরকার বুধবার এই দাবিকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলে স্পষ্টভাবে জানিয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক বার্তায় জানান,
“কড়াইল বস্তিতে হাইটেক পার্ক তৈরির কোনো সরকারি সিদ্ধান্ত বা অনুমোদন নেই। আগুনে বিপর্যস্ত হাজারো মানুষের অসহায় পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”
তিনি বলেন, বিপর্যয়ের এই সময়ে এমন মিথ্যা তথ্য প্রচার করা অত্যন্ত অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত।
“সামাজিক সংকটের মুহূর্তে হাইটেক পার্কের আজগুবি আলোচনা সামনে এনে সরকারকে বিব্রত করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” যোগ করেন তিনি।
সরকার জানিয়েছে, কড়াইল এলাকার প্রায় ৪৩ একর জমি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নামে থাকলেও তারা কখনোই জায়গাটি বুঝে পায়নি।
গত বছরের শেষ দিকে বস্তির এক পাশে, যেখানে কোনো স্লাম নেই, সেখানে একটি সফটওয়্যার পার্কের ছোট প্রকল্পের প্রস্তাব ওঠেছিল। তবে মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনার পর আইসিটি বিভাগ সেই পরিকল্পনা থেকেও সরে আসে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন,
“আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, বর্তমানে কড়াইল বস্তিতে কোনো স্থাপনা নির্মাণের পরিকল্পনা সরকারের নেই। ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও নিরাপত্তাই এখন সরকারের একমাত্র অগ্রাধিকার।”
এরই মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ চলছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
সরকারের বক্তব্যে কড়াইল বস্তি নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজবের অবসান হলো বলে আশা করা হচ্ছে।