আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের শারীরিক অবনতির পেছনে “পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক প্রতিহিংসা” কাজ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, খালেদা জিয়ার খাবার ও ওষুধে বিষ মেশানো হয়েছিল, আর সেই কারণেই তাকে কৃত্রিমভাবে অসুস্থ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় রিজভী বলেন,
“এটি সাধারণ অসুস্থতা নয়। এটি পরিকল্পিত অসুস্থতা। খাবার–ওষুধে বিষ মেশানো হয়েছে, যার প্রমাণ এখন পরিষ্কার।”
তিনি বলেন, যেই জাতীয় পার্টি অতীতে ক্ষমতাসীনদের সহযোগী ছিল, এখন তারাই মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলছে, এটি "ভূতের মুখে রাম নাম" ছাড়া কিছুই নয়। রিজভীর ভাষ্যে, এরশাদ ও শেখ হাসিনার শাসনচরিত্র একই রকম ছিল, দু’জনেই গণতন্ত্রকে আঘাত করেছিলেন।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দ মামলায় ২১ বছরের সাজা বর্তমান সরকারের হস্তক্ষেপ ছাড়া হয়েছে। “এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাই আদালতে হস্তক্ষেপের প্রশ্নও আসে না,” বলেন তিনি।
রিজভী আরও বলেন,
“রাষ্ট্রীয়ভাবে গুম-খুন এখন নেই। আদালত স্বাধীনভাবে কাজ করছে। যেসব অপকর্ম অতীতে হয়েছে, সেসবের বিচার হবেই। পাপ কখনো কাউকে ছাড়ে না।”
দেশের আর্থিক খাতে ‘হাসিনোমিকস’ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ঋণখেলাপি সংস্কৃতি, ব্যাংক লুটপাট ও কর্মসংস্থানের সংকট দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আর্থিক খাত ও বিচারব্যবস্থা নিয়ে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান।