আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সারা দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও অনিয়মের একাধিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে এবং ৫৯টি কেন্দ্রে জালভোট দেওয়ার ঘটনা শনাক্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে অন্তত তিনটি কেন্দ্রে। পাশাপাশি ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ১৪টি স্থানে।
এ সময়ের মধ্যে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫টি জায়গায়। এছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ১৮টি কেন্দ্রে। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে চারটি স্থানে এবং নির্বাচনী দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে ৩৩টি ঘটনায়। নির্বাচনী সহিংসতায় ছয়জন প্রার্থী মারধরের শিকার হয়েছেন বলেও জানানো হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় বাকি ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এবারের নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন দল। বহু বছর পর তুলনামূলক শঙ্কামুক্ত ভোটের প্রত্যাশায় গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।