আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের নতুন দাম ঘোষণা করেছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ধরনের তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছে।
সরকার জানিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে দেশের জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নতুন দাম অনুযায়ী:
ডিজেল: প্রতি লিটার ১০০ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১১২ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১১৬ টাকা
অকটেন: প্রতি লিটার ১২০ টাকা
জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া গত বছরের মার্চ থেকে চালু করা হয়েছে। এরপর থেকে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হচ্ছে। ডিজেল সাধারণত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। পেট্রোল ও অকটেন বিক্রিতে বিপিসি নিয়মিত লাভ করে।
এছাড়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে এলপিজি, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দামও নির্ধারণ করে। জ্বালানি বিভাগ জানায়, প্রতিবেশী দেশ ও উন্নত বিশ্বে প্রতি মাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে দামও কমবে, এবং বাড়লে বাজারেও মূল্য বৃদ্ধি পাবে।