আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রশাসনিক জটিলতা নিরসনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একাংশ বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত। প্রকল্পটি তিন জেলার প্রশাসনিক সীমার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিভিন্ন সরকারি কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা দেখা দিচ্ছিল। এসব সমস্যা দূর করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পুরো পূর্বাচল প্রকল্পকে ঢাকা জেলার প্রশাসনিক সীমানার মধ্যে আনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
সভায় আরও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় অনুমোদন পেয়েছে।
সরকারের আশা, এসব প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সেবা প্রদান, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।