আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে নিষ্পাপ শিশু রামিসাকে ধ/র্ষণের পর নৃ/শংসভাবে হ/ত্যার ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী মঞ্চ। সংগঠনটির মতে, দেশে একের পর এক শিশু ধ/র্ষণ ও হ/ত্যার ঘটনার পরও দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে, আর সেই বিচারহীনতার সংস্কৃতিই রামিসা হ/ত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনার অন্যতম প্রধান কারণ।
জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বহু শিশু ধ/র্ষণ ও হ/ত্যার ঘটনা আলোচনায় এলেও বছরের পর বছর বিচার প্রক্রিয়া ঝুলে থাকে। অনেক ক্ষেত্রে অপরাধীরা অপরাধ স্বীকার করার পরও আইনি জটিলতা, দীর্ঘসূত্রিতা ও দুর্বল বিচার ব্যবস্থার কারণে রায় কার্যকর হয় না। ফলে অপরাধীরা আইনের প্রতি ভয় হারিয়ে ফেলছে।
সংগঠনটির মুখপাত্র হুসাইন ইবনে নোয়াব বলেন,“আজ বাংলাদেশের প্রতিটি পরিবার আতঙ্কে বসবাস করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে। দেশে অসংখ্য শিশু ধ/র্ষণ ও হ/ত্যার ঘটনা ঘটেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দ্রুত বিচার ও শাস্তি কার্যকর না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে বিচারহীনতার এই সংস্কৃতির দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না।”
তিনি আরও বলেন, “একটি সভ্য রাষ্ট্রে একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো, আজ বাবা-মায়েরা সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পান, বাইরে খেলতে দিতে ভয় পান, এমনকি নিজেদের বাসাতেও নিরাপত্তা অনুভব করেন না। এটি শুধু একটি সামাজিক সংকট নয়, এটি রাষ্ট্রের জন্যও একটি বড় ব্যর্থতা।”
বিবৃতিতে জাতীয় বিপ্লবী মঞ্চ শিশু ধ/র্ষণ ও হ/ত্যার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল গঠন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার সম্পন্ন, রায় কার্যকর এবং শিশু সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
সংগঠনটি আরও বলে, “শুধু আশ্বাস নয়, এখন বাস্তব পদক্ষেপ দেখতে চায় দেশবাসী। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও বহু রামিসার আর্তনাদ শুনতে হবে জাতিকে।”
শেষে জাতীয় বিপ্লবী মঞ্চ ছোট্ট রামিসার রুহের মাগফিরাত কামনা করে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।