আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রংপুর-৪ আসনে নির্বাচিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের কারণে এলাকায় হত্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, যেকোনো সময় তার সমর্থক কিংবা তিনি নিজেও হামলার শিকার হতে পারেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর টাউন হল এলাকার জুলাই চত্বরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। আখতার হোসেন জানান, নির্বাচনে পরাজয়ের পর রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার অনুসারীরা তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। অভিযোগ জানানোর পরও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ভোটের দিন ও পরদিন বিকেল পর্যন্ত বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। পরে হঠাৎ ভোট পুনর্গণনার দাবিতে মাইকিং, লাঠি হাতে মিছিল ও ভাঙচুর শুরু হয়। আইনগত পথে না গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, কাউনিয়া ও হারাগাছ এলাকায় তার দলের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি জানান, এসব ঘটনার বিষয়ে ডিসি, এসপি ও পুলিশ কমিশনারকে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের প্রস্তুতি রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।