আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে জাগপা মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, এসব অপকর্মের জন্য সংশ্লিষ্টদের লালকার্ড দেখাতে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশে পুরোনো রাজনৈতিক আচরণ আর চলবে না।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গড়েয়া এলাকায় ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছে। কখনো বলা হচ্ছে দেশ আফগানিস্তান হয়ে যাবে, কখনো পাকিস্তান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জেগে ওঠা জনগণ এসব ভয়ভীতি বা অপপ্রচার মানে না। নতুন বাংলাদেশের মানুষ সোনার বাংলাদেশ গড়তে চায়, দেশ ছেড়ে পালাতে নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতা থাকা জরুরি। কাউকে আক্রমণ করার আগে ভেবে কথা বলা উচিত। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে ভুল পথে নেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
রাশেদ প্রধান জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেনের ত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘ সময় কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়ে তিনি রাজনীতি করেছেন। এমন নেতৃত্বই জনগণের সামনে বিকল্প হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ঠাকুরগাঁও এমন একটি এলাকা যেখানে অতীতে সাম্প্রদায়িক বিভেদ ভুলে মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছিল। সেই ঐক্যের ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির নুরুল হুদা। এ সময় বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি কফিল উদ্দীন এবং খেলাফত মজলিসের নেতা আবু সাইদসহ অন্যান্য নেতারা।