
আওয়ার টাইমস নিউজ।
লাইফস্টাইল: সকালে ঘুম থেকে উঠেই যদি মাথা ভারী লাগে, ঝিমঝিম করে বা অস্বস্তি অনুভব হয়, তাহলে বিষয়টি শুধু ক্লান্তি ভেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এমন হলে এটি শরীরের ভেতরে থাকা কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।
অনেকেই সকালে মাথা ভার লাগাকে স্বাভাবিক বিষয় মনে করেন। কিন্তু ঘন ঘন এমন হলে এর পেছনে বিভিন্ন শারীরিক ও জীবনযাপনজনিত কারণ থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুমের অভাব এ সমস্যার অন্যতম প্রধান কারণ। দেরিতে ঘুমানো, দীর্ঘ সময় মোবাইল বা স্ক্রিন ব্যবহার, অনিয়মিত ঘুমের রুটিন, এসব কারণে ঘুমের গুণগত মান কমে যায়। ফলে ঘুম থেকে উঠলেও শরীর সতেজ লাগে না।
এছাড়া শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন থাকলেও সকালে মাথা ভার লাগতে পারে। রাতভর পানি না খাওয়ার কারণে শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়ে, যা এই সমস্যার একটি বড় কারণ।
এ সমস্যার পেছনে কিছু শারীরিক জটিলতাও থাকতে পারে। যেমন—
সাইনাসের সমস্যা,
মাইগ্রেন,
উচ্চ রক্তচাপ,
রক্তাল্পতা (অ্যানিমিয়া),
হরমোনের ভারসাম্যহীনতা।
এসব রোগের কারণে সকালে মাথা ভার, ঝিমুনি বা ক্লান্তি দেখা দিতে পারে।
শুধু শারীরিক কারণ নয়, দৈনন্দিন কিছু অভ্যাসও এ সমস্যাকে বাড়িয়ে তোলে। যেমন: ভুল বালিশ ব্যবহার, ভুল ভঙ্গিতে ঘুমানো, অতিরিক্ত ক্যাফিন গ্রহণ, রাতে ভারী খাবার খাওয়া এবং অতিরিক্ত মানসিক চাপ।
চিকিৎসকদের মতে, সকালে মাথা ভার লাগা শুধু অস্বস্তির কারণ নয়, এটি সারাদিনের কর্মক্ষমতার ওপরও প্রভাব ফেলে। মনোযোগ কমে যায়, কাজের গতি ধীর হয়ে পড়ে।
তাই এ ধরনের সমস্যা নিয়মিত হলে অবহেলা না করে এর কারণ খুঁজে বের করা জরুরি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।






























