আওয়ার টাইমস নিউজ।
শিক্ষা প্রতিবেদকঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেছে। আগামী ১০ আগস্ট একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে।
আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অর্থাৎ ২০ জুলাই ফল প্রকাশের প্রাথমিক অফিসিয়াল লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে ফল তৈরি সম্ভব না হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের জল্পনা তৈরি হয়। অবশেষে আজ শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ১০ আগস্ট তারিখটি চূড়ান্ত করা হলো।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপরই নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।