আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, তার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জনগণের এই স্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার পথ আলোকিত করবে। তিনি তার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করেন।
প্রফেসর ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণে তার নেতৃত্বে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।
তিনি একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য তার সকল উদ্যোগের সাফল্য কামনা করেছেন।