আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। সোমবার দুপুরের আগেই উপশহর কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে।
জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমানের দুপুরের পর জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে তিনি খুলনায় অনুষ্ঠিত আরেকটি জনসভায় অংশ নেন।
সকাল থেকেই যশোর শহর ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে থাকেন। বর্ণিল সাজ, দলীয় পতাকা, জাতীয় পতাকা ও ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে মানুষের ঢল নামে।
জনসভায় নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, এমনকি শিশুরাও দলীয় সাজে অংশ নেয়। কেউ কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সাজানো শিশুদের সঙ্গে নিয়ে মাঠে আসেন।
যশোরের আটটি উপজেলা ছাড়াও মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা জনসভায় অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন পর বড় পরিসরে দলীয় সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তল্লাশিতে কাজ করছে পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থা।