
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এক বছরের মধ্যেই মজবুত অবস্থায় ফিরে এসেছে।
মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, স্বৈরশাসনের সময় ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করে দেশের আর্থিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছিল। তবে প্রবাসীদের অব্যাহত রেমিট্যান্স পাঠানোই অর্থনীতিকে আবার শক্ত অবস্থানে ফিরিয়ে এনেছে।
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে প্রবাসীরাও ভোট দিতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।
মালয়েশিয়ার ব্যবসায়ী ও বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, দেশটিতে সম্ভাবনাময় বড় বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। একই সঙ্গে যারা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে অনিয়মিত হয়ে পড়েছেন, তাদের সমস্যার সমাধানে সরকার কাজ করবে। তিনি অভিবাসন গমনেচ্ছুদের বৈধ কাগজপত্র নিয়ে বিদেশে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান। বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার কুয়ালালামপুরে পৌঁছান।
(সূত্র: বাসস)





























