
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, চলতি মাসসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানির কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই হঠাৎ সংকট তৈরি হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও জানান, প্রতি মাসেই আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় জ্বালানির দাম সমন্বয় করা হয়। আগামী মাসেও পরিস্থিতি অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হবে।
পেট্রোল পাম্পে কিছু স্থানে ভিড়ের বিষয়ে তিনি বলেন, এটি মূলত ঢাকাকেন্দ্রিক এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা থেকেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সরবরাহে কোনো ঘাটতি নেই বলে তিনি স্পষ্ট করেন।
শিল্পখাতে ডিজেলের সরবরাহ নিয়েও আশ্বস্ত করে তিনি বলেন, চাহিদা অনুযায়ী নিয়মিত জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং কোনো ধরনের বাধা নেই। বেসরকারিভাবে জ্বালানি আমদানির অনুমতিও দেওয়া হয়েছে, যা বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
এদিকে সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেল আমদানিতে কিছু বিলম্ব হলেও, শিগগিরই নতুন চালান আসবে বলে জানান তিনি। এতে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।





























