
আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি ও প্রকাশ্য আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আমন্ত্রণ জানান। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা ও জনআস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলাফল জনগণের গ্রহণযোগ্যতা পায় না বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো-রাজনীতি যে শালীন, গণতান্ত্রিক এবং সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করা। তিনি গণমাধ্যম ও জনসাধারণের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থার মান নির্ধারণের আহ্বান জানান, যা হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমালোচনার জন্য উন্মুক্ত।
পোস্টে আরও বলা হয়, তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ও অবস্থান জনসমক্ষে তুলে ধরেছেন। সে কারণে একটি পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় বসে উভয় পক্ষের নির্বাচনী ইশতেহার জাতির সামনে উপস্থাপনের প্রস্তাব দেন জামায়াত আমির। এতে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরুর সময় এসেছে, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।





























