
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বড় চমকের আভাস দিয়েছে জাপান। হিউস্টন স্টেডিয়ামে শক্তিশালী ব্রাজিলকে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে দিয়ে বিরতিতে যায় এশিয়ার দলটি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা ও রায়ান একের পর এক আক্রমণ সাজালেও জাপানের সুসংগঠিত রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় সেলেসাওরা।
প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। অন্যদিকে জাপান ধৈর্য ধরে অপেক্ষা করেছে পাল্টা আক্রমণের সুযোগের।
ম্যাচের ১২ মিনিটে জাপানের কাইশু সানো এবং ১৪ মিনিটে ব্রাজিলের কাসেমিরো হলুদ কার্ড দেখেন। পরে কাসেমিরোর আগ্রাসী খেলায় আরও সতর্ক হয়ে ওঠে ব্রাজিল।
এরপর ম্যাচের ২৯তম মিনিটে আসে বড় চমক। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত নিচু শটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন কাইশু সানো। জাপানের জার্সিতে এটিই তার প্রথম আন্তর্জাতিক গোল, আর সেটিও এসেছে বিশ্বকাপের নকআউট পর্বের মতো বড় মঞ্চে।
গোল হজমের পর ব্রাজিল সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। তবে জাপানের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। একের পর এক আক্রমণ প্রতিহত করে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।
ব্রাজিলের সমর্থকদের জন্য আরও বড় আলোচনার বিষয়, তারকা ফরোয়ার্ড নেইমার প্রথম একাদশে ছিলেন না। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পুরোপুরি ফিট না হওয়ায় তাকে দ্বিতীয়ার্ধে ম্যাচের পরিস্থিতি বুঝে নামানো হতে পারে।
এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামিয়ে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না, নাকি জাপান আরও একটি বিশ্বকাপ অঘটনের জন্ম দিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করবে।




























