
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে সারা দেশে বাড়তি দামে সোনা বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে দফায় দফায় দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সর্বশেষ সমন্বয়ে সবচেয়ে মানসম্মত ২২ ক্যারেটের সোনার ভরি আগের দামের তুলনায় দুই হাজার টাকার বেশি বেড়েছে।
বর্তমান দর অনুযায়ী
২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা
২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা
১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা
সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
বাজুসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট এবং ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরির অঙ্ক ভিন্ন হতে পারে।
চলতি বছরে একাধিকবার সোনার দাম পরিবর্তন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার কারণে স্বর্ণের দামে এই অস্থিরতা দেখা দিচ্ছে।
এদিকে রুপার দামে আপাতত কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দরেই রুপা কেনাবেচা চলছে।





























