
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের সামরিক হামলা থেমে নেই। বৃহস্পতিবারও বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালানো হয়, যার ফলে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজন শিশু।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে হামলার ঘটনা ঘটেছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাস করতেন। গাজা সিটির জেইতুন এলাকার আরেকটি হামলায় চারজন নিহত হয়েছেন। মধ্য গাজার বুরেইজ ও নুসেইরাত এলাকা থেকেও চারজন প্রাণ হারান।
উত্তর গাজার জাবালিয়া এলাকায় ১১ বছর বয়সী হামসা হাউসু নামের এক শিশু গুলিতে মারা গেছেন। তার চাচা জানিয়েছেন, চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি, হামসা মেঝেতে পড়ে আছে, মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছে।
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২০৬ জন আহত হয়েছেন।
পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মানছে না এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত ও হত্যা করার জন্য মিথ্যা নিরাপত্তা অজুহাত ব্যবহার করছে।





























