
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক ইতিহাস গড়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। জিব্রাল্টারের দেওয়া ২৪৪ রানের বিশাল লক্ষ্য মাত্র ৮৬ বলে (১৪.২ ওভার) পেরিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে স্বাগতিকরা।
খ্যাতনামা ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’ জানিয়েছে, টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়ায় এটি এখন পর্যন্ত দ্রুততম রেকর্ড। এর আগে দ্রুততম রান তাড়ার কৃতিত্ব ছিল সার্বিয়ার। স্লোভেনিয়ার দেওয়া লক্ষ্য সার্বিয়া ছুঁয়েছিল ১৪.১ ওভারে।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজে জিব্রাল্টার প্রথমে ব্যাট করে ২০ ওভারে তোলে ২৪৩ রান, ওপেনার ফিলিপ রাইকিস করেন ৩৩ বলে ৭৩, অধিনায়ক ইয়েন ল্যাটিন ২৮ বলে ৫১ রান। বুলগেরিয়ার জ্যাকব গুল নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
দ্রুত লক্ষ্য তাড়ায় শুরু থেকে দাপুটে ব্যাটিং করে স্বাগতিকরা। দুই ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ ৪.২ ওভারে তোলেন ৬২ রান। ল্যাকভ আউট হন ১৯ রানে, এরপর জারু (২৪ বলে ৬৯) ও মিলান গোগেভ (২৭ বলে ৬৯) জুটি বাঁধেন। শেষ দিকে মান্নান বশির ২১ বলে বিস্ফোরক ৭০ রানে ১৪.২ ওভারেই ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া।
টি-টোয়েন্টিতে ১৫০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ার ক্ষেত্রে বুলগেরিয়ার ওপরে আছে কেবল একটিমাত্র ইনিংস — ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ৯.৪ ওভারে ১৬৫ রান তাড়া।
ইউরোপিয়ান ক্রিকেটে নতুন এই রেকর্ড এখন আলোচনার শীর্ষে।































