
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণা করেছেন তাঁর মেয়ে জায়মা রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরেন।
পোস্টে জায়মা রহমান উল্লেখ করেন, শৈশবে অনেক সন্তানের কাছেই বাবা একজন আদর্শ মানুষ হয়ে ওঠেন। তাঁর ভাষ্যে, নিজের বাবাকে তিনি অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান ও নির্ভরযোগ্য একজন মানুষ হিসেবে দেখেছেন। যেকোনো পরিস্থিতিতে ভরসা করার মতো মানুষ হিসেবে তিনি তারেক রহমানের কথাই সবার আগে ভাবেন বলে জানান।
তিনি আরও লেখেন, দেশের প্রতি তাঁর বাবার গভীর ভালোবাসা ও দায়িত্ববোধই তাঁকে বর্তমান অবস্থানে পৌঁছে দিয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশবাসী খুব শিগগিরই তাঁর নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।



























