
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা এবং জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের অজুহাতে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। দেশের মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য।
র্যাব মহাপরিচালক আরও বলেন, গত দেড় বছরে বিশেষ করে জুলাই-আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল। তবে তখনই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এখন জনগণকে আশ্বস্ত করতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে র্যাবসহ অন্যান্য বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখবে।
র্যাব মহাপরিচালকের এই বক্তব্যকে কেন্দ্র করে আন্দোলন ও দাবি আদায়ের নামে সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা মিলেছে।



























