
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনে সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। নির্বাচনের দিন সহিংসতায় আহত বিএনপির নেতাকর্মীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তিনি হাসপাতালে যান।
ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের দিন মামুনুল হকের নির্দেশে তার অনুসারীরা বিভিন্ন ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে বিএনপির সমর্থকদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় একাধিক কেন্দ্রে শতাধিক নেতাকর্মী আহত হন।
তিনি জানান, আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা গুরুতর। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে মামুনুল হককে প্রধান আসামি করে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী।
এ সময় তিনি মোহাম্মদপুর এলাকায় মাদক ও সন্ত্রাস দমন কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ বক্স চালু এবং টহল টিম বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।




























