
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: রমজানের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপণ্যের দাম বেড়ে জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিশেষ করে শসা, গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও বিভিন্ন মাছের দাম আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ বা তার বেশি।
সুনামগঞ্জে শসা ও গাজরের দাম প্রতি কেজিতে ৮০ থেকে ৯০ টাকা, দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকা, রসুন ১৩০ থেকে ১৯০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান।
পাবনা, কুড়িগ্রাম, নওগাঁ ও চাটমোহরের বাজারেও একই পরিস্থিতি। এক সপ্তাহ আগে ৩০-৬০ টাকিতে বিক্রি হওয়া বেগুন, শসা, লেবু এখন দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে। মাছ ও মাংসের বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীরা মনে করেন, রমজানকে সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়ায় বাজার অস্থির হয়ে উঠেছে। তবে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত তদারকি করছে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



























