
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, শিক্ষার্থীদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে মোদি সরকার তাদের ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে এবং দমনমূলক নীতি অনুসরণ করছে।
এক বিবৃতিতে সোনিয়া গান্ধী বলেন, সরকারের কাছে জবাবদিহি দাবি করা শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ কোনো সমাধান নয়। বরং তাদের উদ্বেগ ও দাবির প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত ছিল।
তিনি বলেন, কৃষক আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতেও সরকার আলোচনার পরিবর্তে কঠোর অবস্থান নিয়েছে। এখন একই ধরনের আচরণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বশীল আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সোনিয়া গান্ধীর মতে, দেশের শিক্ষা ব্যবস্থার নানা সংকট, অনিশ্চয়তা এবং সরকারের জবাবদিহির অভাবই শিক্ষার্থীদের আন্দোলনের মূল কারণ। এসব সমস্যা সমাধানের পরিবর্তে দমন-পীড়নের পথ বেছে নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এদিকে রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিষয়টি সরকার গুরুত্ব দিয়েছে। এ লক্ষ্যে দ্রুত পরীক্ষা আয়োজনের মাধ্যমে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
সূত্র: দ্য হিন্দু




























