
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় শিগগিরই উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর। এ লক্ষ্যে নতুন কমিটিও গঠন করা হয়েছে এবং উদ্বোধনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।
শুক্রবার (১০ জুলাই) কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রমে কিছু অসংগতি ছিল। বর্তমান সরকার নতুন কমিটি গঠন করে বিষয়টি পুনর্গঠন করেছে। সংসদেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘর উদ্বোধনের তারিখসহ বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, অতীতের সরকার দেশের বহু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। বর্তমান সরকার হারিয়ে যাওয়া ঐতিহ্য, ইতিহাস ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে কাজ করছে।
সংস্কৃতিমন্ত্রী অভিযোগ করেন, গত প্রায় দুই দশকে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও বীমা খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ তুলে ধরেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী কুমিল্লা ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহাসিক শালবন বিহার ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




























