
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের নির্দিষ্ট ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে নেওয়া এই জরুরি কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রোগটির বিস্তার রোধ করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় হামের সংক্রমণ তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।
যে এলাকাগুলোতে আজ থেকে টিকাদান কার্যক্রম চলছে, তার মধ্যে রয়েছে বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুরের নির্দিষ্ট উপজেলা ও পৌরসভা।
কর্মকর্তারা জানিয়েছেন, যেসব শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, একাধিকবার এই টিকা নেওয়ায় কোনো ক্ষতিকর প্রভাব নেই।
এই কর্মসূচি চলবে নির্ধারিত এলাকায় পর্যায়ক্রমে, যাতে দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চলে রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।





























