আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সাইনবোর্ডের শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড ও বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক অসুস্থ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে চারজনের অবস্থা চরম আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং একজনকে ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় প্রায় ৪ হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিস কক্ষ ছিল, যেখান থেকে প্রাথমিক ধারণামতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হয়। ভবনের ওপরের তিনটি তলায় ওই রাতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ঘুমাচ্ছিলেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আনা অধিকাংশ শিক্ষার্থীর আগুনের তাপে ও ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক চারজনের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) রয়েছেন। বিশেষায়িত চিকিৎসক দল তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে প্রধান করে চার সদস্যের এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তদন্তে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানানো হয়েছে।
আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ভবন পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি পুড়ে যাওয়া সমৃদ্ধ লাইব্রেরিটি পুনরায় পুনর্গঠন ও অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

