
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, ভবিষ্যতে কোনও উত্তেজনা বা সংঘাত সৃষ্টি হলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে যেন কেউ ভুল ধারণা না রাখে। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। নতুন সিডিএফ হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই আয়োজন করা হয়।
তিনি বলেন, “আগামীতে পাকিস্তান আরও দ্রুত, আরও কঠোর জবাব দেবে।” তার মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে তিন বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি। প্রতিটি বাহিনী তাদের স্বাধীন অপারেশনাল কাঠামো বজায় রাখলেও, ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স যৌথ সামরিক কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে।
আসিম মুনির বলেন, একীভূত শীর্ষ কমান্ডের অধীনে বিমান, নৌ ও স্থল, তিন বাহিনী তাদের নিজস্ব সাংগঠনিক কাঠামো বজায় রেখে সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে।
এ ছাড়া আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়েও তিনি কঠোর বার্তা দেন। তার ভাষায়, “আমাদের বার্তা ইতিমধ্যেই পৌঁছে গেছে। পাকিস্তান শান্তিকে মূল্য দেয়, কিন্তু সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।” তিনি আরও উল্লেখ করেন, দেশের নিরাপত্তা দুর্বল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।





























