
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভোটের আগে কেউ কেউ টাকা বা উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করতে পারে। সেগুলো গ্রহণ করলেও ভোটটি যেন নিজের বিবেক অনুযায়ী দেওয়া হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট প্রভাবিত করতে চায়, সেই অর্থ বৈধ নয়। সেই টাকার বিনিময়ে ভোট দিলে অপরাধের অংশীদার হতে হয়। তিনি বলেন, অনেক কিছু কেনা গেলেও মানুষের বিবেক কেনা যায় না।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে ফিরে না যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, একটি ভোটও ফলাফল বদলে দিতে পারে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি একা নন। এই আসনের লক্ষাধিক ভোটার তার শক্তি। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটারদের কেন্দ্রে থাকার আহ্বান জানান তিনি।
নিজের প্রতীক ‘হাঁস’ সম্পর্কে রুমিন ফারহানা বলেন, হাঁস মার্কা হলো চাঁদাবাজি, দাপট এবং হয়রানিমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভয়মুক্ত পরিবেশ গড়তে হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।




























