
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ব্রিটিশ র্যাপার ওকলি নীল সিজার-সু, যিনি মিউজিক জগতে ‘সেন্ট্রাল সি’ নামে পরিচিত, সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে তিনি এখন ‘আখিল’ নামে পরিচিত।
আন্তর্জাতিক ইসলামিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্মগুলোর প্রতিবেদনে জানা যায়, ২৭ বছর বয়সী এই শিল্পী একটি লাইভস্ট্রিম অনুষ্ঠানের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর PlaqueBoyMax-এর সঙ্গে সাম্প্রতিক একটি লাইভ আলোচনার সময় সেন্ট্রাল সি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এখন থেকে ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি এই ব্রিটিশ র্যাপারকে।
সেন্ট্রাল সি ঝুলিতে প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড রয়েছে। এছাড়াও তিনি ড্রেক, জে. কোলের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও মজবুত করেছেন।
ধর্মান্তরের এই ঘোষণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত-শ্রোতারা নেটদুনিয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন।
এর আগে ২০১৪ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন ‘সেন্ট্রাল সি’ হিসেবে। তবে জনপ্রিয়তা পান ২০২১ সালের পর।





























