
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অর্থবহ চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে গুরুতর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে, যদি হামলা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে প্রতিহামলা করা হবে। খবর রয়টার্সের।
ওয়াশিংটনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে ইরানকে অবশ্যই কার্যকর চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিস সম্মেলনে তিনি এই সময়সীমা ঘোষণা করেন। তার মন্তব্যের সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সমাবেশ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এদিকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত আমির সাইদ ইরাভানি মহাসচিব আন্তোনিও গুতেরেস-কে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে প্রতিহামলা করা হবে। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে হামলার জবাব অবশ্যই দেওয়া হবে এবং এর দায়িত্ব যুক্তরাষ্ট্রকে নিতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত হামলা চালাতে পারে, যাতে সরকারি ভবন ও নিরাপত্তাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হবে। এরপরও যদি ইরান চুক্তি না মানে, তাহলে ব্যাপক হামলা চালানো হবে, যার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলি খামেনি সরকারের ক্ষমতা হ্রাস বা পতন ঘটানো।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে, এবং পরিস্থিতি যে দিকে মোড় নেবে তা নির্ভর করছে দুই দেশের পরবর্তী পদক্ষেপের ওপর।



























