
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৩৬ টাকা কমেছে। ফলে বর্তমানে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা।
নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনা ও রুপার দামে পরিবর্তন হওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দরে ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ভালো মানের রুপার দাম ভরিপ্রতি ১৭৫ টাকা কমিয়ে এখন ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে বাজারে বিক্রি হবে সোনার গহনা।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দামে ওঠানামার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যেমন ইসরায়েল–ইরান সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা আরও বেড়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারির শেষ দিকে দেশে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সে সময় ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা। এরপর থেকে বিভিন্ন সময়ে দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

























