
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক:ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবা-এর উপকূলে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (USGS)।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১.৬ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্বাঞ্চলের মাইসি এলাকার প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর কেন্দ্র নির্ধারণ করা হয়।
প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
USGS জানায়, ভূমিকম্পটির ফলে ক্ষয়ক্ষতির ঝুঁকি ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে, অর্থাৎ বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তুলনামূলকভাবে কম।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ৬ মার্চ একই অঞ্চলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা কিউবার উপকূলীয় এলাকায় ভূমিকম্পপ্রবণতার ইঙ্গিত দেয়।
অন্যদিকে, দেশটিতে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সংকট ও জ্বালানি সমস্যার মধ্যেই এই ভূমিকম্প নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলকভাবে মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি।





























