
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে, যা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উত্তেজনা কমানোর পথ তৈরি হতে পারে।
সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। এর আগে রাতভর বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি।
ট্রাম্পের দাবি, আলোচনার উদ্যোগ এসেছে ইরানের দিক থেকেই এবং পুরো প্রক্রিয়াটি ইতিবাচকভাবে এগোচ্ছে। তার মতে, এই আলোচনা সফল হলে দুই দেশের দীর্ঘস্থায়ী বিরোধের একটি বড় সমাধান সম্ভব হতে পারে।
তিনি আরও বলেন, সম্ভাব্য সমঝোতার অন্যতম প্রধান বিষয় হলো—ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের শর্ত হিসেবে ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। এই বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিতও দিয়েছেন তিনি।
আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নিচ্ছেন। ইরানের প্রতিনিধিদের পরিচয় প্রকাশ না করা হলেও ট্রাম্প তাদের একজনকে ‘সম্মানিত নেতা’ হিসেবে উল্লেখ করেছেন।
সমঝোতা বাস্তবায়নের জন্য ট্রাম্প পাঁচ দিনের একটি সময়সীমাও নির্ধারণ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে, আরও কয়েকটি টেলিফোন আলোচনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি এবং শিগগিরই সরাসরি বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম (সিএনএন)





























