
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের অর্থনীতি দীর্ঘ সময়ের অনিয়ম, দুর্নীতি ও অপব্যবস্থাপনার কারণে চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, টানা ১৬ বছরের ভুল নীতি ও লুটপাটের প্রভাবে অর্থনীতি আজ গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে।
শুক্রবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি দেশের সামষ্টিক অর্থনীতির নানা সূচক তুলে ধরেন। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, একসময় অর্থনীতির যে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ছিল, তা এখন অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে।
অর্থমন্ত্রীর ভাষ্যমতে, ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধি কমেছে এবং মূল্যস্ফীতি বেড়েছে। শিল্প ও কৃষি খাতেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে ঘাটতির কারণে অনেক মানুষ কৃষিখাতে ফিরে যেতে বাধ্য হচ্ছে, যা উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বিনিয়োগ ও সঞ্চয়ের ভারসাম্য নষ্ট হওয়ায় অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।
বক্তব্যে তিনি বৈদেশিক মুদ্রার ওপর চাপ, টাকার মান কমে যাওয়া এবং আমদানি ব্যয় বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন। তার মতে, এসব কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
রাজস্ব আদায় নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। রাজস্ব আয় বাড়লেও ব্যয়ের চাপ বেশি থাকায় বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে আসছে না বলে তিনি জানান।
অর্থমন্ত্রী দাবি করেন, বড় প্রকল্পগুলোতে অতিমূল্যায়ন ও যথাযথ যাচাই না থাকায় প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। এসব প্রকল্পকে কেন্দ্র করে বিপুল অর্থ অপচয় ও বিদেশে পাচারের অভিযোগও উঠে এসেছে বলে তিনি মন্তব্য করেন।





























