
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানা যায়।
চলতি অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় বরাদ্দের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার তহবিল, উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা বরাদ্দ এবং ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।


























