
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে সর্বশেষ মূল্য সমন্বয়ের পর মঙ্গলবার (৩০ জুন) কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমেছে এবং এই মূল্যই বর্তমানে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর রয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
বর্তমান বাজারদর অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও ক্রয়ের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে ২৭ জুন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। সর্বশেষ সিদ্ধান্তে সেই দাম থেকে আবারও কমানো হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪১ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে।




























